রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন জীবননগরের ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে মফিজুরের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
হাসপাতালে মফিজুর রহমানের পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে ডা. শফিকুর রহমান তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানসহ অন্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে চুয়াডাঙ্গার জীবননগরে স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন জামায়াত নেতা মফিজুর রহমান গুরুতর আহত হন। এই হামলায় তার ভাই হাফিজুর রহমান নিহত হন এবং জামায়াতে ইসলামীর আরও বেশ কয়েকজন কর্মী আহত হন। এই হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত রোববার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
রিপোর্টারের নাম 

























