ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর নিজ বাসভবনে তিনি এই মর্মান্তিক পথ বেছে নেন বলে জানা গেছে। এই মুহূর্তে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অভিনেতা জাহের আলভী। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেতা জাহের আলভী লেখেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।”
স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে গভীর শোক ও বিস্ময় প্রকাশ করে আলভী আরও লেখেন, “আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”
তিনি শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন।”
ভবিষ্যতের কথা ভেবে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে এই অভিনেতা সবশেষে লেখেন, “আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”
রিপোর্টারের নাম 
























