মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির জেরে কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সতর্কতা জারি করেছে দোহার বাংলাদেশ দূতাবাস। উদ্ভূত সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রবাসীদের সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সকল বাংলাদেশিকে সামরিক স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাসা বা নিরাপদ স্থান থেকে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও দ্রুততম সময়ে নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্র সবসময় হাতের কাছে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নগদ অর্থ, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধপত্র, মোবাইল চার্জার এবং শুকনো খাবার।
দূতাবাস আরও জানিয়েছে, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের সকল বিবৃতি ও নির্দেশনা অনুসরণ করা অপরিহার্য। বিশেষত, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান-ইসরায়েল সংঘাত সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে যত্নশীল হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়ানো যায়।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা mission.doha@mofa.gov.bd ইমেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















