রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সামর্থ্যবানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার রাজধানীর চাঁদ উদ্যানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা মামুনুল হক বলেন, রমজান মাস আমাদের সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমরা চাই, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এলাকার শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে আল্লামা মামুনুল হক বলেন, আমরা এই এলাকাটিকে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে তুলতে চাই। আমাদের সবার মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে, আল্লাহ তাআলা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন—সেই প্রার্থনাও করেন মাওলানা মামুনুল হক।
রিপোর্টারের নাম 

























