ইরানের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই হামলাকে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং বিশ্বশান্তির জন্য চরম হুমকি হিসেবে অভিহিত করেছেন সংগঠনের শীর্ষ নেতারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ইরানের ওপর এই সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় স্বাধীনতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। শক্তির দাপট দেখিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের আক্রমণ আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও এই হামলার মাধ্যমে উন্মোচিত হয়েছে। তারা বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ইসরায়েলের আগ্রাসী নীতিকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক মদদ দিয়ে আসছে। ওয়াশিংটনের এই পক্ষপাতদুষ্ট অবস্থানের কারণেই মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অঞ্চলটি ক্রমাগত যুদ্ধ, অস্থিরতা ও চরম মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ইরানে চালানো এই হামলা সেই ধারাবাহিক সাম্রাজ্যবাদী নীতিরই একটি অংশ।
উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ এবং যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। এছাড়া বিশ্ব মুসলিম উম্মাহকে বর্তমান সংকট মোকাবিলায় সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে ঈমানি দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানানো হয় বিবৃতিতে।
রিপোর্টারের নাম 

























