বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আবিদুর রহমান সোহেল। তিনি বর্তমানে বগুড়া শহর জামায়াতের আমির এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আবিদুর রহমান সোহেলকে এই আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করে বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকালে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছিলেন তারেক রহমান। ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেল অংশ নিয়েছিলেন এবং ভোট প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিলেন। পরবর্তীতে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে এই আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























