বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে জানানো হয়েছে, সেনা সদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। অন্যদিকে, গত বছরের অক্টোবর মাস থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এখন এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
এবারের রদবদলে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। কিউএমজি পদে নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহীনুল হক ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন। অভিজ্ঞ এই কর্মকর্তা ইতিপূর্বে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) এবং সাভার ও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ পদাতিক ডিভিশনগুলোর জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান এর আগে ডিজিএফআই-এর মহাপরিচালক এবং রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
রদবদলের তালিকায় আরও বড় চমক ছিল মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ক্ষেত্রে। এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে বিশেষ মিশনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর জায়গায় এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে, যিনি এর আগে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।
এদিকে, সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অ্যাডজুট্যান্ট জেনারেল’ পদে নতুন দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ। তিনি এর আগে টাঙ্গাইলের ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং তারও আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এরিয়া কমান্ডার পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই দায়িত্বে থাকা মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মাত্র চার দিন আগে গত ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের ৮টি পদে রদবদল আনা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার এই পরিবর্তনকে সেনাবাহিনীর প্রশাসনিক সংস্কার ও নেতৃত্বের ভারসাম্য বজায় রাখার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে সেনাবাহিনীর নীতিনির্ধারণী ও মাঠ পর্যায়ের কমান্ড আরও সুসংহত হবে।
রিপোর্টারের নাম 

























