ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই আনন্দকে প্রতিবছরই বহুগুণে বাড়িয়ে তোলে দেশের দীর্ঘমেয়াদী জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে ভিন্নধর্মী একটি গান নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার একক পরিবেশনায় ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি দর্শকদের মন জয় করে নিয়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইত্যাদির প্রতিটি ঈদ আয়োজনের গানের অংশে বৈচিত্র্য ও নান্দনিকতার ছাপ থাকে। বরেণ্য নির্মাতা হানিফ সংকেত গানের শিল্পী, কথা, সুর ও নির্মাণশৈলী নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন বলেই প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শক মহলে প্রশংসিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় এবারের পর্বে এই সময়ের তরুণ প্রজন্মের প্রিয় তারকা হাবিব ওয়াহিদ একটি ব্যতিক্রমধর্মী গান পরিবেশন করেছেন।
উল্লেখ্য, গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছিলেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবারের ঈদে হাবিব যন্ত্রশিল্পীদের নিয়ে এককভাবে গানটি পরিবেশন করেছেন। ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজেই।
অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, গানটি দর্শকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনা, এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গানটিকে আরও উপভোগ্য করে তোলে। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা যেভাবে গানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং একবার শুনেই শিল্পীর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন, তাতে আশা করা যায় এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
রিপোর্টারের নাম 

























