অমর একুশে বইমেলা উপলক্ষে দেশের বিশিষ্ট কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় আবারও শুরু হয়েছে জনপ্রিয় অনুষ্ঠান ‘কবিবাড়ি’। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও মাসজুড়ে প্রতিদিন তারকাসমৃদ্ধ এই বিশেষ আয়োজনটি দর্শকদের সামনে হাজির হচ্ছে। সৃজনশীল আলাপচারিতা আর গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
‘কবিবাড়ি’ নাম হলেও এটি কেবল কবিদের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিল্প-সংস্কৃতির প্রায় সব শাখার বরেণ্য ব্যক্তিরা এখানে অতিথি হিসেবে উপস্থিত হন। নাটক, চলচ্চিত্র, সাহিত্য, সংগীত ও রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আসাদ কাজলের ভাষায়, এই অনুষ্ঠানটি দেশের অমূল্য সম্পদ তথা গুণীজনদের সম্মান জানানোর একটি বিশেষ মাধ্যম।
বিগত বছরগুলোতে এই আয়োজনে দেখা গেছে চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, প্রবীণ অভিনেতা আবুল হায়াত, দিলারা জামান এবং চিত্রনায়িকা রোজিনার মতো কিংবদন্তিদের। এছাড়া সাহিত্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, সেলিনা হোসেন এবং সৈয়দ মঞ্জুরুল ইসলামও এই আয়োজনে অংশ নিয়েছেন। সংগীত ও সংস্কৃতি জগতের শেখ সাদী খান, ফাতেমা তুজ জোহরা, খুরশিদ আলম এবং জাদুকর জুয়েল আইচের মতো বরেণ্য ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে ‘কবিবাড়ি’র শোভা বাড়িয়েছেন।
এবারের আসর প্রসঙ্গে আসাদ কাজল জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফসল এই ‘কবিবাড়ি’। এটি তার একটি স্বপ্নের প্রজেক্ট। ভিন্নধর্মী বিষয়বস্তু আর তারকাবহুল এই আয়োজনকে তিনি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। ইতোমধ্যে এবারের আসরের প্রথম পর্বের ধারণকৃত কাজ শেষ হয়েছে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা। বইমেলার উদ্বোধনী দিন থেকেই অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচার শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 

























