জীবনকে সহজ করতে ক্রেডিট কার্ডের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এর অপব্যবহারের ফলে বহু মানুষ জড়িয়ে পড়ছেন ভয়াবহ আর্থিক সংকটে। এমন এক সামাজিক বার্তা নিয়ে সম্প্রতি নেপালের মনোরম প্রাকৃতিক পরিবেশে চিত্রায়িত হলো বিশেষ নাটক ‘প্রবাসীর ক্রেডিট কার্ড’। রাজীব মণি দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. ফাহাদ।
ক্রেডিট কার্ডের বিড়ম্বনায় পড়ে মানুষ কীভাবে ধ্বংসের মুখে পতিত হয়, সেই গল্পই নিপুণ দক্ষতায় তুলে ধরা হয়েছে এই নাটকে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসেন প্রমুখ।
পরিচালক মো. ফাহাদ জানান, ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার না জানলে মানুষের যে কতটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, তা অনেকেই অনুমান করতে পারেন না। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেককে যথেষ্ট সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। গল্পে ক্রেডিট কার্ডের সুফল ও কুফল উভয় দিকই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
নাটকের রচয়িতা রাজীব মণি দাস বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অনেক সময় না বুঝেই ঋণের জালে জড়িয়ে পড়েন। এই অসতর্কতা তাদের জীবনে বিষাদের কালো ছায়া নামিয়ে আনে। গল্পে দেখানো হয়েছে, ক্রেডিট কার্ডে থাকা অর্থকে অনেকেই নিজের টাকা বলে ভুল করেন। কিন্তু বাস্তবে এটি ব্যাংকের ধার দেওয়া টাকা, যার সঙ্গে জুড়ে থাকে নানা শর্ত। গ্রাহকরা অনেক সময় এসব শর্তের তোয়াক্কা না করেই কার্ড ব্যবহার করেন, যার ফলস্বরূপ ব্যাংকের নিয়ম অনুযায়ী সুদ বাড়তে থাকে, যা গ্রাহকের কল্পনারও বাইরে চলে যায়। কথায় আছে, ‘ভাবিয়া করিও কাজ’। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই প্রবাদ কতটা জরুরি, ‘প্রবাসীর ক্রেডিট কার্ড’ নাটকের প্রতিটি চরিত্র সেই বার্তাই দেয়।
রিপোর্টারের নাম 























