২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তিনি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ দলের বনানী ও গুলশান থানার নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। তিনি এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে নিহতদের দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশবাসী পিলখানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। তিনি এই ঘটনার তদন্ত কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























