নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু মন্তব্য করেছেন যে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। সোমবার রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
প্রান্তিক মানুষের উদ্দেশে বরকতউল্লা বুলু বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। এলপিজি গ্যাস যা ২২০০/২৩০০ টাকা হয়ে গিয়েছিল, তা এখন ১২৮০ টাকার মধ্যে চলে এসেছে।” তিনি আরও উল্লেখ করেন, “আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনার যে বিএনপির অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।”
ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে বরকতউল্লা বুলু জানান, তিনি পুরো বেগমগঞ্জে ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করবেন। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণেরও পরিকল্পনা রয়েছে তাঁর।
এ সময় তিনি বেগমগঞ্জের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়, যাতে তারা সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি সবসময়ই প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে এলে আমরা খুশি হব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 























