দেশে ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নাগরিক ও সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ন্যাশনালিস্ট কোয়ালিশন পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা সরকারের প্রতি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের একটি রূপরেখা ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ সাধারণ নাগরিক ও সাংবাদিকদের ওপরও হামলা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘আন্দোলন করা যাবে না’ বিষয়ক ঘোষণা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি দেশের ছয়টি সিটি করপোরেশনে বিএনপির দলীয় প্রশাসক নিয়োগের বিষয়টি ‘নতুন বাংলাদেশ গঠনের জন্য হুমকি’। তিনি সরকারের প্রতি স্থানীয় সরকার নির্বাচনের একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণার আহ্বান জানান এবং প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ না করায় উদ্বেগ প্রকাশ করেন। আসিফ মাহমুদ বলেন, বিএনপি সব সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও, দলীয় প্রশাসকদের অধীনে সিটি করপোরেশন নির্বাচন দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হওয়ার শামিল। তিনি দ্রুত সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই জনগণের সমর্থনে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতীয় নির্বাচনের প্রার্থী ও জোট ঘোষণা শেষ মুহূর্তে হওয়ায় তারা সেভাবে প্রস্তুতি নিতে পারেননি। এ কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলের আগেই স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটি বাংলাদেশের প্রতিটি সিটি করপোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে। তারা স্থানীয় পর্যায়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বলেও জানান তিনি।
জোটের বিষয়ে সারজিস আলম আরও বলেন, জাতীয় নির্বাচনে তারা এগারো দলীয় জোটের সাথে কাজ করলেও, আপাতত স্থানীয় নির্বাচনে এককভাবে কার্যক্রম শুরু করবেন। জামায়াতও তাদের কার্যক্রম এককভাবে শুরু করেছে। নির্বাচনের শেষ মুহূর্তে যদি দেশের স্বার্থে এগারো দলীয় জোট একক নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তবে তারা সে সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য দলের অনেক ত্যাগী নেতা যারা নিজ দলে মূল্যায়িত হন না, জনগণের সমর্থন থাকলে তাদের এনসিপিতে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন সারজিস আলম। তিনি বলেন, এনসিপির দরজা তাদের জন্য খোলা রয়েছে।
এনসিপির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথমবার এমপি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন। এই নির্বাচনে তাদের প্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তার নিজের গাড়িতেও ছয়টি কোপ দেওয়ার অভিযোগ করেন তিনি। হাতিয়ায় এখনো এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এই অরাজকতার বিষয়ে তুলে ধরার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























