সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি এবং প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা এবং অফিস সময় শেষ হওয়ার আগে প্রস্থান না করার বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া মাঠ পর্যায়ের প্রশাসনের জন্য অতিরিক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনেও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে এই আদেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 






















