নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক শারীরিক প্রতিবন্ধী কিশোর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (আজ) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার নানার বাড়িতে বসবাস করত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সে নিজের জীবিকা নির্বাহ করত।
আহাদের মামা মো. আজাদ জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক আহাদকে গ্যারেজে দেখতে না পেয়ে তার মাকে ফোন করে জানান। এরপর থেকেই আহাদ অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
রোববার দুপুরে স্থানীয় এক জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখ বাঁধা অবস্থায় আহাদের লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটির এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















