আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি নিশ্চিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক পত্রের বরাত দিয়ে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের সম্মাননা প্রদান করবেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের বরেণ্য সুধীবৃন্দ উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে গুণীজনদের একুশে পদক প্রদানের পর প্রধানমন্ত্রী বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করবেন।
এবারের বইমেলার বিশেষ দিক হলো, সরকার অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই উদ্যোগকে প্রকাশকেরা সাধুবাদ জানিয়েছেন। বড় এই দুই আয়োজন সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 



















