ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ বনভূমি, কৃষিজমি ও বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো একে ‘অভূতপূর্ব পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ ও লঁদ এলাকায় প্রায় ১ লাখ ৯৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ইতোমধ্যে প্যারিসের আয়তনের প্রায় তিন গুণ এলাকা পুড়িয়ে ফেলেছে এবং বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেনা, পানিবাহী বিমান, হেলিকপ্টারসহ অতিরিক্ত সহায়তা সরঞ্জাম মোতায়েন করেছেন। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহে বনভূমি শুকিয়ে যাওয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধিই এমন ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়িয়েছে।
চলতি বছরে ফ্রান্সে ২ লাখ ৪০ হাজার একরের বেশি এবং স্পেনে ৩ লাখ ২১ হাজার একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে, যা সাম্প্রতিক বছরের তুলনায় অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
রিপোর্টারের নাম 





















