আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, হাজীদের সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারীদের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি ও বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত হজযাত্রীদের সেবায় নিয়োজিত জনবলের কর্মদক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সেবার মান অক্ষুণ্ণ রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক পরিস্থিতি তদারকি করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে হজ ফ্লাইটের সংখ্যা বা ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয়েও নীতিগত আলোচনা হয়।
পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















