গাজীপুরের শ্রীপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহ করাকে কেন্দ্র করে মো. সোলাইমান (৬৫) নামে এক বৃদ্ধকে বর্বরোচিতভাবে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধের ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে থেঁতলে গেছে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সিটপাড়া (কাদিরাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোলাইমান ওই এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিজের পালিত ছাগলের খাবারের জন্য একটি কাঁঠাল গাছ থেকে ছোট একটি ডাল কাটেন সোলাইমান। এ নিয়ে প্রতিবেশী আলাল ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পূর্ব শত্রুতার জেরে আলাল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সোলাইমানের বসতবাড়িতে চড়াও হয়। হামলাকারীরা তাকে উঠানে একা পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে সোলাইমানের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের দুটি আঙুল গুরুতর জখম হয় এবং নখ উপড়ে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
সোলাইমানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার পর অভিযুক্ত আলালকে এলাকায় পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, কাঁঠাল পাতা সংগ্রহ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ারা বেগম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অভিযুক্ত আলাল অত্যন্ত উদ্ধত প্রকৃতির এবং তিনি কোনো সামাজিক সালিশ-বিচার মানেন না। একজন বৃদ্ধ মানুষকে এভাবে মারধর করা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ জানান, বৃদ্ধকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















