বাংলাদেশের নবগঠিত সরকারের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ভারত। দুই দেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও সহযোগিতামূলক ভবিষ্যৎ বিনির্মাণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশটি।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে হাইকমিশনার বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের সঙ্গে একটি দূরদর্শী ও জনকেন্দ্রিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে আগ্রহী। দুই দেশের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আমাদের সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। আমরা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পন্থায় ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা রাখি।
প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন, ঐতিহাসিক বন্ধন এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ভারত সবসময় সমর্থন করে। আজকের বৈঠকেও সেই একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে এবং নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানানো হয়েছে।
আলোচনায় ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ প্রসঙ্গে হাইকমিশনার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও দ্রুত সমাধানের ইঙ্গিত দেন। তিনি জানান, দুই দেশের মানুষের যাতায়াত ও যোগাযোগ সহজ করতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে তারা আন্তরিকভাবে কাজ করছেন এবং দ্রুতই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 



















