নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে এক বিকাশ কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পালানোর সময় জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছোড়ে।
ভুক্তভোগী ওই বিকাশ কর্মী জানান, দুপুরে তিনি কাজ শেষে ফেরার পথে হঠাৎ দুই ব্যক্তি তার গতিরোধ করে। একজন সামনে থেকে তার গলা চেপে ধরে এবং অন্যজন পেছন থেকে জাপটে ধরে তাকে কাবু করে ফেলে। এসময় ছিনতাইকারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। প্রাণভয়ে তিনি বাধা দিতে না পারলে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা ভর্তি ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাই শেষে পালানোর জন্য আগে থেকেই ওত পেতে থাকা এক সহযোগী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। ছিনতাইকারীরা মোটরসাইকেলে ওঠার সময় ওই কর্মী চিৎকার শুরু করলে তাকে লক্ষ্য করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা। এরপর দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তারা এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















