গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সোমবার দুপুরে তাকে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি গোপনে দেশ ছাড়ার পরিকল্পনা করেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা বিমানবন্দরের বহির্গমন এলাকায় পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হয়। সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 



















