আল নাসরে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ভূমিকা নিয়ে ক্ষোভ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে নিজের ক্লাবে পর্যাপ্ত আর্থিক সহায়তা না পাওয়ায় মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি। যে কারণে বিদ্রোহ করে দুটি ম্যাচে অনুপস্থিত থেকেছেন। শেষ পর্যন্ত সেই বিদ্রোহের অবসান ঘটিয়ে দলে ফিরেছেন পর্তুগিজ যুবরাজ। ফিরে গোলও করেছেন।
শনিবার আল ফাতেহর বিপক্ষে মাঠে নেমে দ্রুতই নিজের উপস্থিতির জানান দেন রোনালদো। শেষ দুই সৌদি প্রো লিগ ম্যাচে অনুপস্থিত থাকার পর এদিন অধিনায়ক হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। তার সঙ্গে আক্রমণভাগে ছিলেন হোয়াও ফেলিক্স, সাদিও মানে ও কিংসলে কোমান। ম্যাচের ১৮ মিনিটেই জালে বল পাঠান তিনি।
ম্যাচটাতে ২-০ ব্যবধানে জয় পায় আল নাসর। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন আইমান ইয়াহিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোনালদোদের ক্লাব। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
এর আগে চলতি মাসে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচে বয়কট করেন রোনালদো। তার ক্ষোভের কারণ,সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ভূমিকা নিয়ে। অথচ একই ফান্ডের মালিকানায় থাকা আল হিলালে তারা বড় বিনিয়োগ করেছে।
তবে সপ্তাহের শুরুতে ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) শেষ পর্যন্ত তার প্রধান দাবিগুলো মেনে নেওয়ায় শনিবারের লিগ ম্যাচে মাঠে ফেরার সিদ্ধান্ত নেন রোনালদো। দাবিগুলোর মধ্যে ছিল আল নাসরের বকেয়া বেতন পরিশোধ এবং ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের হাতে ব্যবস্থাপনাগত স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া।
রিপোর্টারের নাম 























