ক্রিকেটপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, আসন্ন নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য পর্যাপ্ত দল খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার সেই অনিশ্চয়তার মেঘ কেটে স্বস্তির বার্তা নিয়ে এসেছে নতুন খবর। তিন দলের টুর্নামেন্টের জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
জানা গেছে, পুরুষ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স নারী বিপিএলে একটি দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে চট্টগ্রামভিত্তিক স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি হিসেবে দল গঠনে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
কন্টিনেন্টাল গ্রুপের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত পরশু বিসিবি তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবপত্র পাঠিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং একই সঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী জানিয়েছেন, তারা প্রস্তাবপত্রটি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। আগামী রোববারের মধ্যেই দল নেওয়ার বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানানো হবে। তবে দল নেওয়ার বিষয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিসিবি আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দুটি ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 























