ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। শনিবার রাজধানীর পল্লবীতে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছে ভোট পুনর্গণনা, ফলাফল স্থগিত রাখা অথবা গেজেট প্রকাশ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, সরকার ঢাকা শহরের আসনগুলোতে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। তার দাবি, ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল, কিন্তু সুকৌশলে তাকে হারানো হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোটের দিন কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং প্রিজাইডিং অফিসাররাও ব্যালটে সিল মেরেছেন।
বিএনপি প্রার্থীর অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে (১১ তারিখ) জামায়াতের প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারের কক্ষে যান। তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষরও নেই। আমিনুল হক দাবি করেন, ভোটের ফলাফল প্রভাবিত করতে সরকারি মহলেরও ভূমিকা ছিল।
উল্লেখ্য, ঢাকা-১৬ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন বিজয়ী হয়েছেন। তিনি মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
রিপোর্টারের নাম 























