মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাহি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশে একটি বাঁশঝাড় থেকে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মাহি আক্তার চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর দেওয়ানের মেয়ে এবং সে সিংগাইর সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার স্কুল থেকে প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে মাহি ও অন্য এক ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ টিসি (ছাড়পত্র) দিয়েছিল। এরপর থেকেই মাহি নিখোঁজ ছিল। এই ঘটনায় তার পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর কবরস্থানের পাশে বাঁশঝাড়ের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের পাশে থাকা স্কুল ব্যাগ, জুতা ও স্কুলের পোশাক দেখে পরিবারের সদস্যরা মাহিকে শনাক্ত করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, একটি ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রী ও এক শিক্ষার্থীকে টিসি দিয়েছিল। টিসি দেওয়ার সময় ছেলেটিকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হলেও মেয়েটিকে শুধু টিসি ধরিয়ে দেওয়া হয়েছিল, অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। এরপর থেকেই মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। ওসি আরও জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছিল এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। রোববার বিকেলে তারা জামির্তা ইউনিয়নের চন্দননগরের বাঁশঝাড় থেকে একটি লাশ পাওয়ার খবর পায়। ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে এটি পাঁচ থেকে ছয় দিন আগের লাশ। মেয়েটির পরনে স্কুলের পোশাক ছিল এবং পাশে স্কুল ব্যাগ ও জুতা পাওয়া গেছে। পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















