একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও পথচলা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে সকল দলের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
শনিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই এক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় ঐক্যই আমাদের শক্তি, আর বিভেদ আমাদের দুর্বলতা।”
সংবাদ সম্মেলনে তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একইসাথে, যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচনের পূর্বে দেওয়া সকল অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আইনের শাসনের ওপর জোর দিয়ে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়বিচারের ভিত্তিতে।”
নির্বাচন পরবর্তী সময়ে যেকোনো ধরনের উসকানির মুখেও বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচনে উদার গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, “ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই নতুন সরকারকে তাদের যাত্রা শুরু করতে হচ্ছে।”
রিপোর্টারের নাম 























