ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং বহুল আলোচিত গণভোটের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এই গেজেট জারি করা হয়। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত ধাপের দিকে এগিয়ে গেল।
নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের পরিসংখ্যান অনুযায়ী, গণভোটে জনগণের রায় স্পষ্ট হয়েছে। এতে ‘হ্যাঁ’ সূচক ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। বিপরীতে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার। তবে এবারের গণভোটে উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট বাতিল হয়েছে, যার সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।
এদিকে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠন নিয়ে প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আগামী সোমবার অথবা মঙ্গলবার এই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রটি আরও জানিয়েছে, সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ত্রয়োদশ সংসদের নতুন সরকার। সংশ্লিষ্ট বিভাগগুলো এখন শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















