ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ (১৯৮) আসনে ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. এনায়াত উল্যাহ। নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রেখে পুনরায় ভোট গণনার জোরালো দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এর আগে গত বৃহস্পতিবার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ ও আবেদন জমা দেন এই সংসদ সদস্য প্রার্থী।
সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ অভিযোগ করে বলেন, ভোট গণনার সময় ‘ধানের শীষ’ প্রতীকের অনেকগুলো বান্ডিলে ১০০টি ব্যালট পেপার না থাকা সত্ত্বেও সেগুলোকে ১০০ হিসেবে গণনা করা হয়েছে। এছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে একতরফাভাবে রেজাল্ট শিট তৈরি করার অভিযোগ আনেন তিনি। তার দাবি, পোলিং এজেন্টদের যৌক্তিক আপত্তিগুলো আমলে নেওয়া হয়নি এবং অনেক ক্ষেত্রে তাদের হাতে রেজাল্ট শিটের মূল কপিও সরবরাহ করা হয়নি।
তিনি আরও বলেন, ভোট গণনার মাঝামাঝি সময়ে উদ্দেশ্যমূলকভাবে প্রক্রিয়াটিতে দীর্ঘসূত্রতা তৈরি করা হয়েছে এবং কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। এসব অনিয়মের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, “ঘোষিত ফলাফলে ভোটারদের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটেনি। যদি স্বচ্ছতার সাথে ভোট পুনঃগণনা করা হয়, তবে সব অনিয়মের সত্যতা প্রমাণিত হবে এবং প্রকৃত ভোট সংখ্যা জানা যাবে।” জনস্বার্থে এবং নির্বাচনি স্বচ্ছতা বজায় রাখতে অনতিবিলম্বে ফলাফল ঘোষণা স্থগিত করে পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 
























