সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে বিজয়ী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (নির্বাচন পরবর্তী দিন) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, গত বৃহস্পতিবার দেশব্যাপী বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা সত্ত্বেও সামগ্রিকভাবে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নির্বাচনে জয়লাভ করা সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা বিজয়ী হয়েছেন। নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে আপনারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করি তা রক্ষায় সচেষ্ট হবেন। জনগণের প্রতিটি প্রত্যাশার প্রতি আপনাদের দায়বদ্ধ থাকতে হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নিজের জীবন ও রক্ত উৎসর্গ করেছে, সেই মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে বিজয়ীদের কাজ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই সেই রক্তের ঋণ শোধ করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























