দেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে প্রবীণতম সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে, কনিষ্ঠতম এমপি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
প্রার্থীদের হলফনামা অনুযায়ী, প্রবীণতম সংসদ সদস্য খোন্দকার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। সে হিসাবে তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন খোন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।
অন্যদিকে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। নির্বাচনী হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এই নির্বাচনেই তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারির একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং ১১-দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
রিপোর্টারের নাম 

























