একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার সকালে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নগরীর সারদা হল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সকল ভোটারকে কেন্দ্রে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।
সকাল ১০টার দিকে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খন্দকার মুক্তাদির বলেন, “আমার দেখা শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আরও বলেন, “যারা এখনো ঘরে আছেন, তারা যেন বের হয়ে ভোট দেন।”
বিএনপি প্রার্থী মুক্তাদির তার বক্তব্যে ভোটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে এবং আল্লাহর মেহেরবানিতে তা পুনরুদ্ধার করা গেছে। তার বিশ্বাস, ভোটের মাধ্যমে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং দেশে জবাবদিহিতার সংস্কৃতি ফিরে আসবে। এর ফলে মানুষের আস্থা পুনরুদ্ধার হবে এবং দেশের আপামর মানুষ বেঁচে থাকার সার্থকতা খুঁজে পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে খন্দকার মুক্তাদির নগরবাসীর দোয়া কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদী।
রিপোর্টারের নাম 






















