ভোটারদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর উপস্থিতি প্রমাণ করছে যে দেশে পুনরায় গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, চট্টগ্রামের প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী সারা দেশের চিত্রও একই রকম। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে যে, দেশ সঠিক গণতান্ত্রিক পথে ফিরেছে।
বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, সাধারণ মানুষ ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দেশের প্রকৃত মালিকানা পুনরায় বুঝে নেবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, আজকের এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিএনপি সব সময় তাদের এই আত্মত্যাগকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগন তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবে।
নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আমীর খসরু বলেন, দিনের অর্ধেক সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















