কক্সবাজারের উখিয়ায় নির্বাচনী কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থককে লাঞ্ছিত করা এবং প্রকাশ্যে অর্থ বিতরণের অভিযোগে উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন ওরফে বাট্টা আমিনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালীন পাগলির বিল কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এক সমর্থকের সঙ্গে তর্কে জড়ান আমিনুল হক। একপর্যায়ে তিনি ওই সমর্থককে প্রকাশ্যে গলা ধাক্কা দিয়ে হেনস্তা করেন। এর আগে কেন্দ্রের আশেপাশে তাকে প্রকাশ্যে টাকা বিতরণ করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেনাবাহিনী আমিনুল হককে আটক করেছে বলে তারা জেনেছেন। তবে আটককৃত ব্যক্তিকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এবং এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশকে জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল হকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। যেখানে তাকে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনসমক্ষে টাকা বিলি করতে দেখা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ভোটকেন্দ্রে নতুন করে বিবাদে জড়িয়ে তিনি আটক হলেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























