ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) চাটমোহর উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ নির্বাচনের দিন বেলা ১২টা পর্যন্ত উপজেলার ৮৭টি ভোটকেন্দ্রে গড়ে ৪০ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে বলে জানা গেছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ বিরতির পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। বোথড় গ্রামের ভোটার জামেনা খাতুন জানান, অনেকদিন পর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে, গুনাইগাছা গ্রামের তরুণ ভোটার দুলাল চন্দ্র জানান, এবারই তিনি প্রথম ভোটার হয়েছেন। কোনো ধরনের বাধা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তার অভিজ্ঞতা ছিল দারুণ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব বিরাজ করছে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় হাজার সদস্য। পাশাপাশি সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও আশা প্রকাশ করেন যে, ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।
রিপোর্টারের নাম 
























