ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের হিজলা উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন হিজলা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী জাহিদ।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের অভয় দেন মেজর জাহিদ। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আজ আপনাদের উৎসবের দিন, অনেকটা ঈদের দিনের মতো। কোনো ধরনের ভয়-ভীতি বা সংকোচ ছাড়াই আপনারা কেন্দ্রে আসুন এবং সুশৃঙ্খলভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে।”
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। মেজর জাহিদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার কিংবা জালভোট দেওয়ার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সব বাহিনী অত্যন্ত পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের জন্য মোট ৪১টি বডি-ওয়ার্ন ক্যামেরা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ১১টি ক্যামেরা সরাসরি অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে এবং বাকিগুলো অফলাইনে তথ্য সংগ্রহ করছে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
রিপোর্টারের নাম 

























