চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে কথা-কাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে বিএনপির কর্মীদের সঙ্গে দাঁড়িপাল্লার সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। এতে রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) নামের দুই যুবক মাথায় গুরুতর আঘাত পান। আহত অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন জানান, মারধরের ঘটনাটি কেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের কর্মীরা রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তাহমিদ জানান, মারধরের খবর পাওয়ার পরপরই তারা সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং ভোটকেন্দ্রে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মূলত কথা-কাটাকাটির সূত্র ধরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, ছোটখাটো এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিম মাঠে সক্রিয় রয়েছে।
রিপোর্টারের নাম 
























