চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে নিজের ভোট দেন নগরের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি ভোট দিয়ে বললেন, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। পতিত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমরা চাই মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক। এখন পর্যন্ত পরিবেশ ভালো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ভালো লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সকাল ৮টায় ভোট দেন হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উন্নত হাটহাজারী গড়তে আশা করছি মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করবো।
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী ভোট দেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। ভোট দিয়ে তিনি বলেন, ১৭ বছর পর ভোট দেওয়াটা প্রথম ভোটের মতো মনে হয়েছে। এ পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালো আছে। গত রাতে দুই-একটি কেন্দ্র দখল করার চেষ্টা করেছিল বিপক্ষ দলের প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রতিরোধ হয়েছে।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহু বছর পর নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি। অনুভূতি অন্যরকম। সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।
১১ দলীয় নির্বাচনি ঐক্যে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এবার চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে এবার এলডিপির প্রার্থী হয়েছেন তার ছেলে ওমর ফারুক।
এ ছাড়াও নিজ আসনে ভোট দিয়েছেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ও একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এ ছাড়াও অন্য প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে ভোট প্রদান করেন।
রিপোর্টারের নাম 























