ঢাকা-১৯ আসনের আশুলিয়ায় পৃথক দুটি ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধামসোনার নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও নলাম এলাকার একটি কেন্দ্রে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আটক ব্যক্তিদের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’
এদিকে, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন বলেন, ‘সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টারের নাম 























