বরিশালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার বেড়েছে। নারী-পুরুষ এবং প্রথমবারের মতো ভোট দেওয়া তরুণরা কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন।
এদিকে বরিশালের ছয়টি আসনের ধানের শীষ এবং দাঁড়িপাল্লা ও হাতপাখার প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে বাকি সময়ও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ষাট বছরের জলিল মৃধা জানিয়েছেন, গত তিনবার তিনি ভোট দিতে পারেননি। কেন্দ্র এলেই জানিয়ে দেওয়া হতো, ভোট হয়ে গেছে। এ কারণে এ বছর আগেভাগে ভোট দিতে আসেন। তিনি তার নিজের ভোট দিতে পেরেছেন। কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি।
একই ধরনের কথা জানিয়েছেন একাধিক ভোটার।
বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়নের কারফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার নরেশ বাড়ৈ বলেন, কৃষি ক্ষেতে কাজ করতে যেতে হবে এ কারণে আগেভাগে ভোট দিয়েছেন। একইভাবে ভোট দিয়েছেন সেখানকার হিন্দু ভোটাররাও।
বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী জানিয়েছেন, এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর ভোট হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ভোট নিয়ে তাদের অভিযোগ করার কোনও সুযোগ নেই। প্রার্থীরা বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন।
রিপোর্টারের নাম 























