‘দীর্ঘ ১৮-১৯ বছর পর ভোট দিতে আসলাম। এত বছর পর ভোট দিতে পেরে মানুষ খুব খুশি। অনেক ভালো লাগছে।’
ক্রাচে ভর করে ভোট দিতে আসা রাজধানীর গোপীবাগের বাসিন্দা আব্দুল কাদির রিপন এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
একইসঙ্গে ভোট দিতে আসেন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিশক্তিহীন হাজেরা বেগম। সঙ্গে আছেন তার ভাইয়ের স্ত্রী পপি ভূঁইয়া।
রাজধানীর গোপীবাগের বাসিন্দা হাজেরা বেগমের বয়স ৬৭ বছর। ভোট দিতে পেরে খুব খুশি বলছেন তিনি। কথা বলতে কষ্ট হলেও ভাইয়ের স্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে থাকা হাজেরা বেগম ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন।
পপি ভূইয়া বলেন, আগের চেয়ে ভোটের অবস্থা অনেক ভালো। ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।
ওই কেন্দ্রে হুইল চেয়ারে বসে ভোট দিতে আসলেন ৩৫ বছর বয়সী মুশফিকুজ্জামান। ভোট দিতে আসতে পেরে খুব খুশি তিনি। ভোটের পরিবেশ দেখে মুশফিক বলেন, খুবই ভালো লাগছে। যিনি নির্বাচিত হবেন, তার কাছে অনেক প্রত্যাশা রাখি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে লড়াই করছেন মোট ২ হাজার ২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থী ১,৯৪৬ জন (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।
দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ভাগ করা হয়েছে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে। সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি।
রিপোর্টারের নাম 























