মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ১৫ দিনব্যাপী সেলাই বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন কেনার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
বুধবার সকালে জেলার মাতারকাপনস্থ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে জেলার সাতটি উপজেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে সেলাই মেশিন কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ধরনের উদ্যোগ প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং সমাজে মর্যাদাপূর্ণ জীবন যাপনে সহায়তা করবে।
রিপোর্টারের নাম 























