ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে সারাদেশে ভোটগ্রহণ চলছে। বেলা ১১টা পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকার ভোটকেন্দ্রগুলোতেও চলছে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।
সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় কোথাও ভোটারদের দীর্ঘ লাইন, আবার কোথাও ছিল ফাঁকা বুথ দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সেগুনবাগিচা হাইস্কুল ও বেগম রহিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা সকাল থেকেই ছয়টি লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পুরুষ ভোটাররা চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন। সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, “ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।”
সকাল আটটার পর টিচার্স ট্রেনিং কলেজের দুটি কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়ানো ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। প্রতি ৪০০ ভোটারের জন্য একটি করে বুথ থাকায় ধীরগতি বা ভিড় হয়নি। কলেজ গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন বলেন, “ভোটাররা ঝামেলা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন।”
সকাল নয়টার দিকে ঢাকা কলেজের চারটি কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দেখা গেছে।
পুরান ঢাকার আয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও উল্লেখযোগ্য পরিমাণ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
সব কেন্দ্রেই বিএনপি ও জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। কেন্দ্রে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও ছবি মিলিয়ে ভোট দেওয়া হচ্ছে, তাই জাল ভোটের সুযোগ নেই।
গুলশানের একটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের লাইন (ছবি: নাসিরুল ইসলাম)
সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, প্রথম ঘণ্টায় ভালো ভোট পড়েছে। তবে টিচার্স ট্রেনিং কলেজের দুটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বলেন, সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। রাজধানীর অধিকাংশ কেন্দ্রেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।
কিছু কেন্দ্রের বুথে সিসিটিভি না থাকলেও বেশিরভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ভোটারদের আস্থা ও উৎসাহ বাড়িয়েছে। অধিকাংশ কেন্দ্রে বিএনপি ও জামায়াতে ইসলামীর এজেন্ট সক্রিয় অবস্থান নিয়েছেন। সার্বিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পুরান ঢাকার গণকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘনবসতিপূর্ণ এলাকায় ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি হওয়ায় অনেককে লাইনে দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোটগ্রহণ চলছে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে। ভোটাররা দুটি ব্যালটপেপারে ভোট দিয়ে একই ব্যালট বাক্সে ফেলছেন। ফলে ভোট গণনায় ব্যালট আলাদা করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার।
ইউসেএফ গণকটুলি সিটি কর্পোরেশন কেন্দ্র ও গণকটুলি বিজয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। নারী ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও পুরুষ ভোটারের উপস্থিতি সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে।
সার্বিকভাবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর পরিদর্শিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণের চিত্র দেখা গেছে।
ঢাকা-৬ আসনের এক কেন্দ্রে দুই ঘন্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট
ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘন্টায় ৩৪৮ ভোট পড়েছে, যা ভোটারের মোটের হিসেবে ৯.৪২ শতাংশ।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, “আমাদের কেন্দ্রে মোট ৩৩৩৭ জন ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩৪৮ ভোট সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২০১ ও মহিলা ১৪৭ জন।”
ঢাকা-৬ আসনটি দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন; পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে লড়ছেন মো: আব্দুল মান্নান। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ (জিওপি)-র মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক নারী কেন্দ্রে তিন ঘন্টায় ভোট দিয়েছেন ৩১৬ জন
সকাল সাড়ে ৭টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর পল্টনের বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) নারী ভোটার কেন্দ্রে ২৮০৯ জন ভোটারের মধ্যে ৩১৬ জন ভোট দিয়েছেন।
কেন্দ্রে থাকা ৬টি বুথে যথাক্রমে ৫৮, ৪৯, ৫৩, ৫০, ৬৮ ও ৩৮ জন ভোট দিয়েছেন।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সামিউল ইসলাম বলেন, “ভোটার নারীরা খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরনের সহযোগিতা করছেন। কোন অসুবিধা দেখা দিলে সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটারদের সহায়তা করছেন।”
রিপোর্টারের নাম 





























