ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। ভোটের মাধ্যমে শহীদ ও নিখোঁজ সহযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।
হাবিবুর রশিদ বলেন, বহু বছর পর ভোট দিতে এসে মনে হয়েছে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার রয়েছে। গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন করতে গিয়ে অনেক সহযোদ্ধাকে হারানোর কথাও উল্লেখ করেন তিনি।
হাবিবুর রশিদ বলেন, জুলাই-আগস্টের গণপথে ছাত্র-জনতার শহীদ হওয়া, সহযোদ্ধাদের গুম ও পঙ্গুত্ববরণের ঘটনাগুলো স্মরণ করে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকা-৯ আসনের ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভোটাধিকার নিশ্চিত ও স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা করি।
তিনি চান, ভোটাররা নিজেরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন। জনগণের ভালোবাসা ও ভোট ছাড়া কোনও প্রতিনিধির পক্ষে মানসিকভাবে শক্তিশালী থাকা বা এলাকার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব নয়।
ভোট গ্রহণে কোনও অভিযোগ আছে কিনা জানতে চাইলে হাবিবুর রশিদ বলেন, তেমন কোনও অভিযোগ নেই। তবে অনেক ভোটার ব্যালট পেপার কীভাবে ভাঁজ করতে হবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। এ বিষয়ে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটারদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
গণভোট ও দুই ধরনের ব্যালট নিয়ে বিভ্রান্তির বিষয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভোটাররা সচেতন হয়েছেন এবং অধিকাংশই বিষয়টি সম্পর্কে জানেন। তবে কিছু ক্ষেত্রে নতুন ব্যালট ব্যবহারে সীমিত সমস্যা দেখা দিতে পারে।
নিজের বিজয়ের সম্ভাবনা প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, ভোটারদের ওপর ছেড়ে দিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ভোটাররা ভোট দিলে বিজয়ী হবেন বলে আশা করেন তিনি।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, অতীত ও বর্তমান বিবেচনায় ভোটাররা যদি আমাকে উপযুক্ত মনে করেন, তবে নির্বাচিত করবেন। এলাকার মানুষ আমার সম্পর্কে সহজেই খোঁজ নিতে পারবেন।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন পর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে এমন বিশ্বাস থেকে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























