বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুই কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ১ লাখ ২ হাজার টাকাসহ ধানের শীষের ওই দুই কর্মীকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, ‘বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে ১ লাখ ২ হাজার টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়। নির্বাচনের সময় যেহেতু কোনও ধরনের প্রচার বা সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ, তাই তাদের জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা ব্যবসায়িক কাজে টাকা বহন করছিলেন। কিন্তু দাবির পক্ষে প্রমাণ দেখাতে পারেননি।’
রিপোর্টারের নাম 























