জীবনে প্রথমবার ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনের ভোটার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী আফিয়া জান্নাত।
ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “জুলাই-পরবর্তী সময়ে দেশে জীবনের প্রথম ভোট দিলাম। নাগরিক অধিকার প্রথমবার চর্চা করতে পেরে ভালো লাগছে। এত শহীদের বিনিময়ে আজ আমরা এই অবস্থায়। সুতরাং প্রত্যাশা থাকবে—জুলাইয়ের চেতনা ও দাবিগুলো পূরণ হোক।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মায়ের সঙ্গে এসে ভোট দেওয়া পর একথা তিনি।
আফিয়া আরও বলেন, “ভোট দিয়ে খুব ভালো লাগছে। কেন্দ্রের পরিবেশও ভালো।”
প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা-৬ দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়া জামায়াত জোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন।
এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টারের নাম 























