জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি এক জরুরি বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তিনি আহ্বান জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যেন তারা তাদের ওপর অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সর্বোচ্চভাবে প্রয়োগ করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ আহ্বান জানান।
জেনারেল ভূঁইয়া তার ফেসবুক পোস্টে ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার হবে আইন, ন্যায় ও গণতন্ত্রের রক্ষাকবচ’ শিরোনামে তরুণ সেনা কর্মকর্তাদের উদ্দেশে লেখেন, প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে মনে রাখতে হবে যে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সঠিক প্রয়োগ শুধু অপরাধ দমন নয়, বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষার পক্ষাবলম্বন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করা গেলে সশস্ত্র বাহিনী আবারও জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে।
সাবেক এই সেনাপ্রধান আরও উল্লেখ করেন, দেশের স্বার্থে তরুণ সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পরিপূর্ণ প্রয়োগ করা অত্যাবশ্যক। তিনি স্মরণ করিয়ে দেন, ফ্যাসিবাদের দুঃসময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও কার্যকর ভূমিকা রাখতে দেওয়া হয়নি। তবে জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনে সকলকে সেই অবস্থার বিপরীতে পূর্ণমাত্রায় সক্রিয় হতে হবে। তার মতে, তরুণ সেনা কর্মকর্তাদের হাতে অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার কাজে সর্বোচ্চভাবে প্রয়োগ করা উচিত।
তিনি তরুণ কর্মকর্তাদের প্রতি চারটি সুনির্দিষ্ট আহ্বান জানান:
১. ভেঙে পড়া পুলিশ ও জনপ্রশাসন যদি রাজনৈতিক চাপে কোথাও দুর্বলতা প্রদর্শন করে, তবে সেনা কর্মকর্তাদের সাহসের সঙ্গে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
২. ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্থানীয় চাপ সম্পূর্ণরূপে উপেক্ষা করে কেবল প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করতে হবে।
৩. ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ভোটারদের বাধা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে নাগরিকদের আশ্বস্ত করতে হবে যে, রাষ্ট্র তাদের পাশে আছে।
৪. অপরাধ সংঘটিত হওয়ার আগেই দৃশ্যমান উপস্থিতি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। অকারণে বলপ্রয়োগ না করে অঘটনের আশঙ্কা নিয়ন্ত্রণ করাই প্রকৃত দক্ষতার পরিচয়।
উল্লেখ্য, আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 























