কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরেই একটি দোকানের পেছনে পাওয়া গেল ১০টি বোমা সদৃশ বস্তু। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাভর্তি এই ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে এক ব্যক্তি দোকানের পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখে বাজারের অন্য লোকজনকে জানান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বস্তাটির মুখ খুলে দেখা যায়, লাল টেপ দিয়ে মোড়ানো ১০টি বস্তু রয়েছে, যা দেখতে ককটেলের মতো। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধার হওয়া বস্তুগুলো বর্তমানে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 























