শরীয়তপুরের জাজিরা উপজেলায় সদ্য বিএনপিতে যোগদানকারী বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর আলী মাদবর কান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ২০১২ সালে দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগদান করে রাজনৈতিকভাবে সক্রিয় হন।
প্রশাসন সূত্র জানিয়েছে, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার সঙ্গে রুমা আক্তার নামে এক নারীকেও আটক করা হয়, যার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে পিস্তলের কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরি সহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ জানান, “অভিযান পরিচালনাকালে তার সাথে এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।”
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, তার সঙ্গে আটক হওয়া নারীর পরিবার তাদের বিয়ের কথা উল্লেখ করেছে, তাই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 























