রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে একদল দুষ্কৃতকারী ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে নাশকতার চেষ্টা চালিয়েছে। তবে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের তাৎক্ষণিক প্রতিরোধ ও ধাওয়ার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
ঘটনাটি গত মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আওয়ামী লীগের পরিচয়ে একদল মুখোশধারী ব্যক্তি শ্রীরামপুর বাজারের কাছে যুবলীগের ব্যানার ব্যবহার করে জড়ো হয়। এরপর তারা মশাল মিছিল বের করে বালিয়াকান্দি-মধুখালী সড়ক অবরোধের অপচেষ্টা চালায়। তাদের এই নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টায় বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এই প্রতিরোধে দুষ্কৃতকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
জামালপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু এই ঘটনা প্রসঙ্গে বলেন, “নির্বাচনের ঠিক আগমুহূর্তে আওয়ামী লীগের পরিচয়ধারী কিছু লোক নির্বাচন বানচাল এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে। গতরাতের ঘটনা তাদের সেই পরিকল্পনারই অংশ।”
এদিকে, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























